প্রেমিকের গন্ধ


আমার শহরের সারা গায়ে একটা রংচটা ক্রীমের গন্ধ আজ, আর বিকেলটা ছেড়ে যাওয়া প্রেমিকের মত তামাটে রঙের...
তোমার কথা ভাবছিলাম আজ বিকেলে।।
হ্যাঁ, তুমিও থামতে বলেছিলে সেইদিন, বলেছিলে শুধু নামটুকু মনে রাখতে, আমি ই পারিনি থামতে। তোমার উষ্ণতা সেদিন এক বেশ্যার আত্মাকে জাগিয়ে তুলেছিল, প্রতি রাতের শেষে যে শুধুমাত্র এক নিজস্ব পুরুষের কামনা করত, যার গায়ে লেগে থাকবে শুধু তার গন্ধ। আমি থেকে যেতে বলেছিলাম তোমায়..... তারপর থেকে রোজ তোমার গন্ধে ডুবতে ডুবতে
 শিউলি ফুলের মত পবিত্র হয়ে উঠছি আমি। মেরুণ রঙের লিপস্টিক লাগিয়ে আয়নার কাছে এসে দাঁড়ালে আজকাল রজনীগন্ধার গন্ধ পাই আমি।
ওইদিন তুমি ও শরীর চেয়েছিলে, স্নান ঘরের দরজার ওপাড়ে আমার সব হিসেব আবার গুলিয়ে গেছিল, শাওয়ারের জলের সাথে আমার গা বেয়ে নামছিল, অনেক চিৎকার- "I am in love with someone else" , "তোমার সাথে থাকা আর সম্ভব না" , "আমি অফিসে কাজ করতে আসি, প্লীজ নাটক বন্ধ করো।" , "ভুলটা আমার, লাই দিয়ে আমি মাথায় তুলেছি, তোমার যোগ্যতাই ছিল না" । কানে হাত দিয়ে সমস্ত চিৎকার থামিয়ে বাইরে এসে দেখি, তুমি তোয়ালে নিয়ে অপেক্ষায়... কিছু কথা বলনি, শুধু সেদিন সবটা জল শুকিয়ে যাওয়ার পর, বলেছিলে- "বেহাদ্ ভালোবাসি...." সেদিন থেকে তোমার হাতে খোঁপায় জুঁই ফুল লাগানোর খুব ইচ্ছে, সময় হলে দিও একদিন।।

Comments

Popular posts from this blog

"নারী চরিত্র বেজায় জটিল"

আইসোলেটেড এপিসোডস_৫

গুলমোহর 💮